কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সারের সংকট নিরসনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষকরা। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়ক এবং সোনাহাট সেতু সংলগ্ন শহীদ মোড়ে গাছের গুড়ি ফেলে তারা এই অবরোধ কর্মসূচি পালন করেন।
অবরোধ চলাকালে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কৃষকরা। ফলে দীর্ঘ সময় ধরে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
কৃষকরা অভিযোগ করে বলেন, তীব্র সার সংকট দেখা দিয়েছে। রোপা আমন ধানে সময়মতো সার প্রয়োগ করতে না পারায় তারা বড় ধরনের ক্ষতির আশঙ্কায় রয়েছেন। সার পাওয়া গেলেও বাজারে অতিরিক্ত দাম গুনতে হচ্ছে, যা ভরা মৌসুমে কৃষকদের জন্য মারাত্মক চাপ তৈরি করেছে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।
এ বিষয়ে জানতে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।