কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপনের বর্ণাঢ্য কর্মসূচি শুরু

জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে কুড়িগ্রামে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রামের (সাধারণ শাখা) পক্ষ থেকে গত ১ জুলাই এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়। আজ ২ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া এই উৎসব আগামী ৪ জুলাই পর্যন্ত জেলাজুড়ে বিভিন্ন ভেন্যুতে চলমান থাকবে।

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন:

আজ ২ জুলাই সকাল ১০.০০ ঘটিকায় সারা দেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ পালনের শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। কুড়িগ্রামের কলেজ মোড়ে অবস্থিত পৌর অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার ও উদযাপন করা হয়।

প্রথম দিনের অন্যান্য কর্মসূচি:

উদ্বোধনের পর দুপুর ১২.০০ ঘটিকায় পৌর অডিটোরিয়ামে জেলা ও উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে নজরুল বিষয়ক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর দুপুর ০৩.০০ ঘটিকায় কুড়িগ্রামের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের ওপর রচনা, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আগামী দুই দিনের সময়সূচি:

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল ৩ জুলাই সকাল ০৯.০০ ঘটিকায় পৌর অডিটোরিয়ামে জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, নজরুল সংগীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উৎসবের সমাপনী দিনে অর্থাৎ ৪ জুলাই দুপুর ০৩.০০ ঘটিকায় পৌর অডিটোরিয়ামে জেলা ও উপজেলা পর্যায়ের স্রোতস্বীসহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে লালন, দেশাত্মবোধক, ভাটিয়ালি, মুর্শিদি, ভাওয়াইয়া, গম্ভীরা ও আধুনিক গানসহ একটি বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত এই নোটিশে জেলার সর্বস্তরের জনগণকে যথাসময়ে উপস্থিত থেকে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠান চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সার্বিক কারিগরি সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগসমূহকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Share With