কুড়িগ্রাম সদর উপজেলার হিঙ্গনরায় এলাকায় অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. রায়হান আমিন রাকিব (৩৫)।
রোববার (২৬ জুলাই) কুড়িগ্রাম সদর উপজেলার হিঙ্গনরায় এলাকায় জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রায়হান আমিন রাকিবকে ৬২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিষয়ে তিনি মাদকবিরোধী কার্যক্রম সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।