কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ধর্ষণের অভিযোগ, ক্যানটিন বয় গ্রেপ্তার

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারীকে তিন জন মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ট্রেনের অবস্থান শনাক্ত করে পরবর্তী স্টপেজ বগুড়ার শান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি জানায় তারা। সোমবার (৩১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক এবং গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

তিনি বলেন, ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল মো. কাইফ শাহ এবং এ সংক্রান্তে কলার ও সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য।

ঘটনা সূত্রে জানা যায়, কলার ঢাকা বিমানবন্দর থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশে ভুলবশত ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে উঠে পড়েন টিকেট ছাড়া। ট্রেনের রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিরাজগঞ্জ যাওয়ার কথা বলেন। পরবর্তীতে ট্রেনের ক্যান্টিন বয় এবং আরও দুইজন মিলে সিটে বসানোর কথা বলে তাকে ক্যান্টিন বয়দের রুমে নিয়ে ধর্ষণ করেন বলেও জানান তিনি।

সংবাদপ্রাপ্ত হয়ে শান্তাহার রেলওয়ে থানার একটি দল ট্রেনটি শান্তাহার স্টেশনে পৌঁছালে ভুক্তভোগী নারীকে কলার (৪৪) উদ্ধার করেন। এতে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক (২২) নাটোর থেকে গ্রেফতার করেছে। বাকি দুইজনকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

Share With