কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্কাউট এর দুটি রোভার স্কাউট ইউনিট অনুমোদন পেয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পড়াশোনার পাশাপাশি নেতৃত্বের বিকাশ, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ চর্চার নতুন সুযোগ তৈরি হয়েছে।
বাংলাদেশ স্কাউটস, রংপুর অঞ্চলের আওতাধীন কুড়িগ্রাম জেলা রোভারের অধীনে বিশ্ববিদ্যালয়টিতে নতুন দুটি রোভার স্কাউট গ্রুপ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত ইউনিট দুটি হলো—কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (গার্ল)।
স্কাউটিং শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের বিভিন্ন দক্ষতা অর্জনে সহায়তা করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, দলগত কাজ, সময়ানুবর্তিতা, আত্মনির্ভরশীলতা ও সংকট মোকাবিলার দক্ষতা অর্জনের সুযোগ পাবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে উঠতে পারবে।
কৃষিভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য স্কাউটিংয়ের গুরুত্ব আরও ব্যাপক। কৃষি ও পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনসচেতনতা তৈরি এবং গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় স্কাউটিং ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
এ বিষয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের শুধু বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করলেই হবে না, পাশাপাশি তাদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধেও সমৃদ্ধ হতে হবে। রোভার স্কাউটের দুটি ইউনিট অনুমোদনের মাধ্যমে শিক্ষার্থীদের এসব গুণাবলি বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমি আশা করি, শিক্ষার্থীরা স্কাউটিংয়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে এবং দক্ষ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে স্কাউটের দুটি ইউনিট চালুর মাধ্যমে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারিত হবে। বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি নেতৃত্ব, মানবিকতা, শৃঙ্খলা ও সামাজিক সেবার চর্চা শিক্ষার্থীদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।