কুড়িগ্রাম টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন প্রশিক্ষণার্থী, ভুক্তভোগী এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। দ্রুত তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিমের বিরুদ্ধে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থ আত্মসাৎ, চুক্তিভিত্তিক কর্মচারীদের বিনা কারণে বরখাস্ত, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মসহ বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে।

তারা দাবি করেন, এসব কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক প্রশিক্ষণ পরিবেশ ব্যাহত হচ্ছে। অবিলম্বে তাকে অপসারণের দাবি জানিয়ে অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন জাপানি ভাষা ট্রেডের প্রশিক্ষণার্থী লিটন হোসেন ও স্বাধীন ইসলাম, ড্রাইভিং ট্রেডের প্রশিক্ষণার্থী শাকিব হোসেনসহ আরও অনেকে।

বক্তারা আরও বলেন, ত্রুটিপূর্ণ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের পাঁচটি ট্রেডের প্রায় সাড়ে ১২ লাখ টাকার মালামাল ক্রয় না করে আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া টেন্ডার সংক্রান্ত ২০ লাখ টাকার জামানতের চেক ফেরত দিতে গড়িমসি করার অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদার দুদক ও আদালতে মামলা করেছেন বলেও দাবি করা হয়। একই ঠিকাদারের কাছ থেকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে কয়েক লাখ টাকা নেওয়ার অভিযোগও তোলা হয়।

অভিযোগ রয়েছে, টিটিসির কয়েকজন কর্মচারীর কাছ থেকে অবৈধ সুবিধা আদায় করতে না পেরে তাদের চাকরিচ্যুত করা হয় এবং পরবর্তীতে শূন্যপদে নতুন নিয়োগের মাধ্যমে অর্থ লেনদেনের চেষ্টা করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

Share With