কুড়িগ্রাম সদর হাসপাতালে লক্কড়ঝক্কড় অ্যাম্বুলেন্সই ভরসা

কুড়িগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল জেলার ২২ লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা। প্রতিদিন অসংখ্য রোগী প্রয়োজন অনুযায়ী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। তবে এই রোগী পরিবহনের জন্য হাসপাতালের একমাত্র ভরসা মাত্র দুটি পুরাতন অ্যাম্বুলেন্স।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৭ ও ২০০৯ সালে ক্রয়কৃত এই দুটি অ্যাম্বুলেন্স এখনও ব্যবহৃত হচ্ছে। আর্থিকভাবে স্বচ্ছলরা সাধারণত এই পুরাতন যানবাহনগুলো ব্যবহার করেন না এবং প্রাইভেট অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগী পরিবহন করেন। কিন্তু অস্বচ্ছল ও দরিদ্র রোগীরা বাধ্য হয়ে এই দু’টি লক্কড়ঝক্কড় অ্যাম্বুলেন্স ব্যবহার করছেন। মাঝে মাঝে অ্যাম্বুলেন্সগুলো রোগী পরিবহনের সময় নষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নূর নেওয়াজ আহমেদ বলেন, “আমি সম্প্রতি এই হাসপাতালে দায়িত্ব গ্রহণ করেছি। শীঘ্রই স্বাস্থ্য অধিদফতর ও সচিবের কাছে নতুন দুটি অ্যাম্বুলেন্স চেয়ে চাহিদাপত্র পাঠানো হবে।”

Share With