চিলমারীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চিলমারী উপজেলার কুটিরগ্রাম এলাকার বাসিন্দা শহিদুল ইসলামকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চিলমারীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

Share With