নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান নৃত্যময় তাদের আট বছর পূর্তি উদ্যাপন করছে। এ উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও সম্মাননা অনুষ্ঠান। বিকেল ৪টায় শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মো. আব্দুল আউয়াল বাবু এবং স্বাগত বক্তব্য রাখবেন আতিকুর রহমান উজ্জ্বল। নৃত্যশিল্পী, অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত জান্নাত রুহী অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন।
বর্ষপূর্তির অংশ হিসেবে এরই মধ্যে ১ ও ২ সেপ্টেম্বর রাজধানীর শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নৃত্য প্রতিযোগিতা। সারা দেশের ৪ থেকে ২৫ বছর বয়সী নৃত্যশিল্পীরা এতে অংশ নেন। প্রতিযোগিতার বিভিন্ন শাখায় অংশ নিয়ে কুড়িগ্রামের চারজন নৃত্যশিল্পী স্বর্ণপদক অর্জন করেছেন। তারা হলেন—রাজদ্বীপ প্রসাদ উৎসর্গ (ক শাখা একক সাধারণ নৃত্য), মোছাঃ আফরিন আক্তার অভি, সেঁজুতি রায় জয়িতা এবং প্রাঞ্জল রায় পরম (খ শাখা একক সাধারণ নৃত্য)।
আগামী ১৫ সেপ্টেম্বরের মূল অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন শাখায় চ্যাম্পিয়ন হওয়া এসব নৃত্যশিল্পী ও দলকে স্বর্ণপদক প্রদান করা হবে।