জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা। রাষ্ট্রীয়ভাবে আয়োজিত ‘জুলাই উদযাপন ও ঘোষণাপত্র প্রদান’ অনুষ্ঠান বর্জন করে সংগঠনটি আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বিকল্প কর্মসূচির অংশ হিসেবে এই শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, “জুলাইয়ের শহীদদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি, পূর্ণাঙ্গ তালিকা এবং মর্যাদা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কোনো প্রহসনের অনুষ্ঠানকে স্বীকৃতি দেবে না।” তারা আরও বলেন, “আমরা জনগণের মঞ্চেই দাঁড়িয়ে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাচ্ছি, এটাই আমাদের প্রতিবাদের ভাষা।”
অনুষ্ঠানে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ সোহেল রানা। সঙ্গে ছিলেন যুগ্ম-আহ্বায়ক মোঃ আল আমিন সাগর, আতাউর রহমান, সম্পাদক মোঃ লুৎফর রহমান সোহাগ, যুগ্ম-সম্পাদক আতাউর রহমান সাজু এবং সংগঠনের সদস্য রিয়াদ, আশিক, অরুণ, তানভীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দেশব্যাপী পালিত বিকল্প কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।