ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রতিবাদে কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদ ও তিন দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে ‘কুড়িগ্রাম জেলা সচেতন শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী সোহানুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন শেখ মাহমুদ, আহমাদ তালুকদার, মুস্তাঈন আহমেদ, রাসেল রাজসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। পাহাড়ে বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়ার পাশাপাশি সমকামিতা ও পতিতাবৃত্তির মতো অপসংস্কৃতিকে বৈধতা দেওয়ার চেষ্টা চালানো হতে পারে। মৃত্যুদণ্ডবিরোধী অবস্থানের কারণে খুন, ধর্ষণসহ গুরুতর অপরাধের বিচারেও প্রভাব পড়তে পারে, এতে অপরাধ বাড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে।

তারা আরও অভিযোগ করেন, কথিত বাকস্বাধীনতার নামে জাতিসংঘ ধর্মীয় অবমাননার ঘটনায় বরাবরই নীরব থেকেছে। এতে দেশে ধর্মবিদ্বেষী গোষ্ঠীর পুনরুত্থান ঘটার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের মতে, সাধারণত যুদ্ধবিধ্বস্ত দেশেই এ ধরনের কার্যালয় স্থাপন করা হয়। বাংলাদেশে এ কার্যালয় হলে দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন হবে।

সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়:
১. নবীজি (সা.) সম্পর্কে কটূক্তির শাস্তি মৃত্যুদণ্ডসহ ধর্ম অবমাননায় সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।
২. ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের অনুমোদন চুক্তি বাতিল করতে হবে।
৩. সমকামিতা, পতিতাবৃত্তি ও বিচ্ছিন্নতাবাদী প্রস্তাব সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে সার্বভৌমত্ব রক্ষায় নিশ্চয়তা প্রদান করতে হবে।

Share With