১১ দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লং মার্চ সফল করতে কুড়িগ্রাম গণমিছিল করছে জেলা এনসিপি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কলেজ মোড়স্থ জুলাই স্মৃতি স্তম্ভ চত্বর থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া। তিনি বলেন, “জুলাই সদন ও গণভোটের গণরায় বাস্তবায়ন, সারাদেশে সার ও বিদ্যুৎ সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণসহ ৭দফা দাবিতে আগামীকাল ( ১৯ সেপ্টেম্বর) বিভাগীয় শহর রংপুরে ঢাকা টু রংপুর লং মার্চ কর্মসূচি দেয়া হয়েছে। এই কর্মসূচি সফল করতে আমরা বদ্ধপরিকর। “
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, জেলা নারী শক্তির সদস্য সচিব মেরিনা পারভীন, জেলা যুবশক্তির সদস্য সচিব তারিকুজ্জামান তমাল প্রমুখ।
গণমিছিলে এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।