আগামী ২৪ ঘণ্টায় দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের ৭ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে দুঃসংবাদ দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার (৫ অক্টোবর) দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় (৬ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের প্রদেশগুলোয় বিচ্ছিন্নভাবে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২ দিন এসব নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং আগামী ২৪ ঘণ্টায় তা বিপৎসীমা অতিক্রম করতে পারে।
ফলে এই সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে তৃতীয় দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।