দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং দলীয়ভাবে নির্ধারিত প্রার্থী থাকা সত্ত্বেও কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সহ-সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে বহিষ্কার করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য ক্ষুণ্ন করার অভিযোগে আব্দুল খালেককে বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি কুড়িগ্রাম-৩ আসনে মনোনয়ন তুলেছেন, যেখানে দলের পক্ষ থেকে ইতোমধ্যে অন্য প্রার্থী নির্ধারিত ছিল।
দলটির পক্ষ থেকে জানানো হয়, বিএনপির সাংগঠনিক কাঠামো ও দলীয় ঐক্য অক্ষুণ্ন রাখতে এ ধরনের শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।