নাগেশ্বরীতে দিনে-দুপুরে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দিনে-দুপুরে অচেতন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চালকের নাম শহিদুল ইসলাম (৩২)। তিনি ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রখানা মোহরটারী গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শহিদুল ইসলাম। যাত্রী নিয়ে নাগেশ্বরী উপজেলার দিকে গেলে দুর্বৃত্তরা কৌশলে তাকে অচেতন করে রাস্তার ধারে ফেলে রেখে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে পথচারীরা শহিদুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

প্রথমে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

শহিদুল ইসলামের বাবা আবুল হোসেন জানান, এনজিও থেকে ঋণ নিয়ে ছেলেকে অটোরিকশা কিনে দেওয়া হয়েছিল। সেটি দিয়ে ভাড়া খেটে সংসার চলত এবং কিস্তির টাকা শোধ করা হতো। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় পরিবারটি এখন চরম সংকটে পড়েছে। তিনি দ্রুত অটোরিকশা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

Share With