কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদের ভয়াবহ ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার স্থানীয় বাসিন্দারা। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চল লছিনি এবং বল্লভের খাস ইউনিয়নের চর বলরামপুর এলাকার মানুষজন নদীর তীরে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা জানান, গত কয়েকদিন ধরে বামনডাঙ্গা ইউনিয়নের আয়নালের ঘাটের পূর্ব তীরসহ চল লছিনি ও চর বলরামপুর এলাকায় দুধকুমার নদের ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্যেই কয়েকশ একর আবাদি জমি এবং একাধিক বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে মসজিদ, মাদরাসা, কবরস্থান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। কিন্তু এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করেন তারা।
এ সময় বক্তারা দুধকুমার নদের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান খান জুয়েল, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মিনারুল ইসলাম, সাবেক সভাপতি সেকেন্দার আলী, স্থানীয় আব্দুল ওহাব ও মাজহারুল ইসলাম প্রমুখ।