কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৪নং বেরুবারী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল বিতরণ করা হচ্ছে এবং তালিকাভুক্ত নয় এমন ব্যক্তিদেরও চাল দেওয়া হচ্ছে।
জানা গেছে, ঈদ উপলক্ষে ইউনিয়নের অসহায়, দুস্থ ও ছিন্নমূল প্রায় ৫ হাজার ৩ শত পরিবারকে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ চাল দেওয়ার কথা রয়েছে। তবে বাস্তবে অনেক সুবিধাভোগীকে ১০ কেজির পরিবর্তে ৯ কেজি করে চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, ৩০ কেজি চালের বস্তার সেলাই খুলে ৪-৫ কেজি চাল আলাদা করে রাখা হচ্ছে এবং পরে ওই চাল তিনজন সুবিধাভোগীর মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে।
এছাড়া বিতরণের সময় অনেকের স্লিপে নাম না থাকলেও তাদের চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলাম নিজের পছন্দমতো লোকজনকে চাল দিচ্ছেন।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেরুবারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, তিনজন মিলে ৩০ কেজি চালের একটি বস্তা দেওয়া হচ্ছে।