নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করছেন এমপি আনোয়ারুল ইসলাম

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের মধ্য দিয়ে কাজ শুরু করেছেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। নির্বাচিত হওয়ার পর ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক তিনি নিজ উদ্যোগে সংস্কার করেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভূরুঙ্গামারী টেকনিক্যাল কলেজ সড়ক থেকে সরকারি কলেজ মাঠ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েন পথচারী ও শিক্ষার্থীরা। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদাজলে একাকার হয়ে যেত সড়কটি। সদর ইউনিয়নের দেওয়ানের খামার, বাগভান্ডার এবং জয়মনিরহাট ইউনিয়নের ছোট ও বড় খাটামারী গ্রামের শত শত মানুষ প্রতিদিন এ পথ দিয়ে যাতায়াত করেন। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও দীর্ঘদিন সড়কটির কোনো সংস্কার হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এলাকায় গণসংযোগকালে স্থানীয়রা সড়কটি সংস্কারের দাবি জানান। নির্বাচিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আনোয়ারুল ইসলাম। নির্বাচনের পর তিনি নিজস্ব অর্থায়নে সড়কে ইটের খোয়া বিছিয়ে তা চলাচলের উপযোগী করে তোলেন।

স্থানীয় বাসিন্দা ও স্কুলশিক্ষক আরিফুর রহমান শাহিন বলেন, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ত। বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দের কারণে চলাচল প্রায় অসম্ভব হয়ে যেত। শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। আরেক বাসিন্দা নিলুফা ইয়াসমিন বলেন, দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। নিজ খরচে সড়ক সংস্কার করায় আমরা সন্তুষ্ট।

সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, এটি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। নির্বাচিত হলেও এখন পর্যন্ত কোনো সরকারি বরাদ্দ পাইনি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। সরকারি বরাদ্দ পেলে পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে অন্যান্য সড়কও সংস্কার করা হবে। বরাদ্দের অর্থের পরিমাণ জনসম্মুখে প্রকাশ করা হবে।

এলাকাবাসী নবনির্বাচিত এমপির এই উদ্যোগকে মানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন এবং দ্রুত স্থায়ীভাবে পাকা সড়ক নির্মাণের প্রত্যাশা করছেন।

Share With