পদ্মফুলের অপরূপ সৌন্দর্যে সেজেছে কুড়িগ্রামের চাকিরপশার বিল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিল এখন সেজেছে পদ্মফুলের অপরূপ সাজে। বর্ষার পানিতে বিলজুড়ে ফুটে থাকা অসংখ্য পদ্মফুল আর চারপাশের সবুজ প্রকৃতি মিলে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর এক নৈসর্গিক পরিবেশ।

বিশেষ করে উপজেলার চান্দামারী এলাকার পাশের অংশে পদ্মফুলের সমারোহে বিলের সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। পদ্মফুলের এই অপরূপ দৃশ্য দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।

দর্শনার্থীদের কেউ নৌকায় চড়ে পদ্মফুলের মাঝে ঘুরে বেড়াচ্ছেন, কেউবা নৌকা থামিয়ে ফুলের সঙ্গে ছবি তুলছেন। অনেকে আবার পানিতে নেমে পদ্মফুল তুলছেন। বিলের মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন অনেকেই।

স্থানীয়দের ভাষ্য, বর্ষা এলেই চাকিরপশার বিলে পদ্মফুলের সমারোহ দেখা যায়। তবে এবার বিলের বিভিন্ন অংশে বিপুলসংখ্যক পদ্মফুল ফুটে ওঠায় সৌন্দর্যপ্রেমীদের আনাগোনাও বেড়েছে।

প্রকৃতির নান্দনিক এই আয়োজন ঘিরে চাকিরপশার বিল এখন স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের মানুষের কাছেও আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। বর্ষার পানিতে ফুটে থাকা পদ্মফুল আর সবুজের সমারোহে বিলটি যেন হয়ে উঠেছে প্রকৃতির এক অপরূপ ক্যানভাস।

Share With