কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাগল বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে ৬ জন এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ফুলবাড়ী–নাগেশ্বরী সড়কের গংগারহাট কলমদারটারী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন—কাশিপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাদমান, একই বিদ্যালয়ের রেজাউল করিম ও একরামুল হক, স্থানীয় ইসরাত জাহান, খোঁচাবাড়ী মোস্তাকীয়া দাখিল মাদরাসার পরীক্ষার্থী শান্ত সরকার এবং বোয়ালভীর বিএম কলেজ স্কুল শাখার কারিগরি বিভাগের পরীক্ষার্থী রোকসানা খাতুন।
জানা গেছে, সকাল ৯টার দিকে তারা কাশিপুর এলাকা থেকে অটোরিকশাযোগে ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় (পাইলট) এসএসসি পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। পথে হঠাৎ একটি ছাগল গাড়ির সামনে চলে এলে সেটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে অটোরিকশাটি উল্টে সব পরীক্ষার্থী আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত পরীক্ষাকেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করা হয় এবং নির্ধারিত সময়েই তারা পরীক্ষায় অংশ নেন।
ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় (পাইলট) কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব রাহিবুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি তিনজন মেডিকেল অফিসার পরীক্ষাকেন্দ্রে তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও চিকিৎসাসেবা প্রদান করেন।