কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবৈধভাবে কৃষিজমি কেটে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার।
জানা যায়, স্থানীয় কৃষক মোহাম্মদ রিপন মিয়া অনুমোদন ছাড়াই কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান ইউএনও। পরে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এ বিষয়ে ইউএনও দিলারা আক্তার বলেন, কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।