বাংলাদেশে যেকোনো ছাত্র সংসদে নির্বাচন হলে শিবির জিতবে: কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ

দেশের যেকোনো জায়গায় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ইসলামী ছাত্রশিবির জয়লাভ করবে বলে সরকারকে খোলা চ্যালেঞ্জ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর টাউনহলে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা শিবির আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান রিফাত।

দেশের প্রচলিত রাজনীতি ও ছাত্র রাজনীতির ধারার সমালোচনা করে সিবগাতুল্লাহ সিবগা বলেন, “বাংলাদেশের রাজনীতির প্যাটার্ন অত্যন্ত নেতিবাচক রূপ নিয়েছে, যেখানে রাজনীতি বলতে শুধুই সভা-সমাবেশ, মিছিল ও মারামারিকে বোঝানো হয়। এই ধারা থেকে বেরিয়ে ইসলামী ছাত্রশিবির একটি গঠনমূলক ও বিকল্প ব্যবস্থা তৈরি করেছে।”

তিনি আরও বলেন, “ইসলামী ছাত্রশিবির কেবল একটি সাধারণ ছাত্র সংগঠন নয়, এটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের ধাপে ধাপে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের নিজস্ব সিলেবাস, অনলাইন লাইব্রেরি এবং মেধাবীদের মূল্যায়নে বিজ্ঞান বিষয়ক নানা আয়োজন ও এ-প্লাস সংবর্ধনার মতো শিক্ষার্থীবান্ধব কর্মসূচি রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এই ইতিবাচক রাজনীতিই প্রত্যাশা করে। আর এরই প্রতিফলন দেখা গেছে সম্প্রতি অনুষ্ঠিত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে, যার সবকটিতেই শিবির জয়লাভ করেছে।”

নিজেদের গঠনমূলক প্রস্তাবনা ও শিক্ষার্থীবান্ধব কর্মসূচির বলেই শিবির সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছে উল্লেখ করে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, যেকোনো জায়গায় অবাধ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে শিবির তাদের জনপ্রিয়তার প্রমাণ দিয়ে বিজয়ী হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেন এবং সংগঠনটির সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আশিকুর রহমান।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *