বিজয় দিবস উপলক্ষে Kurigram Cyclist-এর আয়োজনে সফল ‘বিজয় রাইড–২০২৫’

মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে বর্ণিল সাইক্লিং আয়োজন ‘বিজয় রাইড–২০২৫’। Kurigram Cyclist-এর উদ্যোগে এবং Round Table Bangladesh-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই রাইডে অংশ নেন জেলার ১৫০ জনেরও বেশি সাইক্লিস্ট। সার্বিক সহযোগিতায় ছিল Duronto Bicycle।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ। লাল-সবুজ পতাকা, বিজয় দিবসের টি-শার্ট, বাঁশির শব্দ আর সাইকেলের দীর্ঘ বহর নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা, যা পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

আয়োজকরা জানান, মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং স্বাস্থ্যকর জীবনধারায় উদ্বুদ্ধ করতেই এই বিজয় রাইডের আয়োজন। যেকোনো বয়সের ছেলে-মেয়ে যেকোনো ধরনের সাইকেল নিয়ে এতে অংশ নিতে পেরেছেন। রাইডে অংশগ্রহণকারী সবার জন্য ছিল আকর্ষণীয় টি-শার্ট ও নাস্তার ব্যবস্থা।

রাইডটি শুরু হয় কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সকাল ১০টা ৩০ মিনিটে। প্রায় ৭ কিলোমিটারের এই রুটে কলেজ মোড়, খেজুরের তল, রেলওয়ে স্টেশন, ত্রিমোহনী বাজার, খলিলগঞ্জ বাজার, শাপলা চত্বর ও পৌরবাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মোড়ে এসে শেষ হয়।

আয়োজনে আরও সহযোগিতা করে ভ্রমণ চাকা, সকালের কাগজ, FRAME এবং Jersey Gallery। আয়োজকরা জানান, আগামীতেও বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে এ ধরনের ইতিবাচক ও জনসম্পৃক্ত আয়োজন অব্যাহত থাকবে।

Share With