ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে। বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামীণ সড়ক একে একে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভাঙন রোধে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কোদালকাটির বিপন্ন জনগণ ছাড়াও সচেতন নাগরিক ও স্থানীয় শিক্ষাবিদরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজীবপুর সরকারি কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সমাজসেবক আমিনুল ইসলাম এবং কোদালকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম।
বক্তারা বলেন, “প্রতিদিনই ব্রহ্মপুত্রের করাল গ্রাসে বসতভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছে পরিবারগুলো। অথচ টেকসই কোনো নদীপ্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” তাঁরা দ্রুত ভাঙনপ্রবণ পয়েন্টগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা, নদীড্রেজিং ও নদীশাসন প্রকল্প গ্রহণের জোর দাবি জানান।
উল্লেখ্য, কোদালকাটি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ব্রহ্মপুত্র নদের ভাঙন দীর্ঘদিন ধরেই চলমান। কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নদীর ভাঙন প্রতিনিয়ত ভয়াবহ রূপ নিচ্ছে। মানববন্ধনের আয়োজকরা বলেন, “দ্রুত ব্যবস্থা না নিলে পুরো ইউনিয়ন বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।”