ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের কারাদণ্ড

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ধামেরহাট বাজারে ইয়াবা ট্যাবলেটসহ জনতার হাতে আটক এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আইয়ুব আলী (৫৭)। তিনি উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার ধামেরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক। এ সময় থানা পুলিশের একটি দলও অভিযানে অংশ নেয়। জানা গেছে, বুধবার বিকেলে ধামেরহাট বাজারে প্রকাশ্যে ইয়াবা সেবনের সময় স্থানীয় জনতা আইয়ুব আলীকে আটক করে। পরে তাকে তিলাই ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রেখে প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আইয়ুব আলীকে নিজেদের হেফাজতে নেয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে আইয়ুব আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে আদালত রায়ে উল্লেখ করেন, নির্ধারিত জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক জানান, মাদক সেবন এবং জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আইয়ুব আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share With