ভূরুঙ্গামারীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি খুলনা স্টেডিয়াম থেকে দেশব্যাপী এ ক্রীড়া কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখার জন্য ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। এতে স্থানীয় ক্রীড়াপ্রেমী, শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকশিত করা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। 

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ভূরুঙ্গামারীতেও আয়োজন করা হয় এক প্রীতি ফুটবল ম্যাচের। এতে মুখোমুখি হয় ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন ও সোনাহাট ইউনিয়নের ফুটবল দল। খেলাকে কেন্দ্র করে মাঠে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুই দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করেন। নির্ধারিত সময়ের খেলা শেষে ১-১ গোলে ম্যাচটি ড্র হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াদুদ সরকার এবং ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাসিমুল হক তপু। 

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোহমুল হক তালুকদার, সাবেক খেলোয়াড়, সাংবাদিক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি হবে। 

তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকলে তরুণ প্রজন্ম মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে উৎসাহিত হবে।

উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে ভূরুঙ্গামারীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর যাত্রা শুরু হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে ভূরুঙ্গামারী উপজেলা থেকে আগামী দিনে জাতীয় পর্যায়ের দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।

Share With