কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইফাদ সহায়তাপুষ্ট “অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীল বৃদ্ধি (প্রভাতি)” শীর্ষক প্রকল্পের আওতায় পাটেশ্বরী বাজার উন্নয়ন কাজ (হাটশেড) নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের পূর্বে বাজার প্রাঙ্গণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন, ভূমি উপসহকারী কর্মকর্তা রিয়াজুল হক এবং উপজেলা প্রকৌশল কার্যালয়ের হিসাব সহকারী সাজ্জাদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাজারের চেহারা পাল্টে যাবে। এতে ক্রেতা-বিক্রেতাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। তিনি প্রকল্প বাস্তবায়নে ব্যবসায়ীসহ স্থানীয় সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১০৫ জন এলসিএস কর্মীর মাধ্যমে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৩টি হাটশেড, ২৪৬ মিটার রাস্তা, ২৮৪ বর্গমিটার প্ল্যাটফর্ম এবং ২টি শৌচাগার নির্মাণ করা হবে। এছাড়া ৫টি স্ট্রিট লাইট, একটি নলকূপ স্থাপন এবং ২টি গাছের চারা রোপণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাজারে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যসম্মত পরিবেশে কেনাবেচা করতে পারবেন।