কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ভূরুঙ্গামারী, যা বাংলাদেশের সর্বউত্তরের শেষ প্রান্তের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত উপজেলা। উপজেলার তিন দিকজুড়ে ভারতীয় সীমান্ত থাকায় দীর্ঘদিন ধরেই মাদক পাচার, চোরাচালানসহ বিভিন্ন সীমান্ত অপরাধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এমন বাস্তবতায় ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন দায়িত্ব গ্রহণের পর থেকে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে একাধিক মাদক কারবারি ও চোরাচালান চক্রের সদস্য আটক হওয়ায় অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের মতে, দায়িত্ব পালনে তিনি অত্যন্ত পেশাদার, সাহসী ও দক্ষ একজন পুলিশ কর্মকর্তা। যেকোনো অভিযানে তিনি পরিকল্পিতভাবে নেতৃত্ব দেন এবং আইন প্রয়োগে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দেন। সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকার কারণে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উপজেলার সচেতন নাগরিকরা মনে করেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে অপরাধ অনেকাংশে কমে আসবে এবং সমাজে শান্তি ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
ভূরুঙ্গামারী উপজেলার সর্বস্তরের মানুষ আশা করছেন, এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভবিষ্যতেও মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত অঞ্চলে আইনের শাসন আরও শক্তিশালী হবে।