কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সরকারি ডিগ্ৰী কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কলেজ শাখা ছাত্রদল।
রবিবার (১৩সেপ্টেম্বর) সকাল ১১টায় ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মাইদুল হোসাইনের নেতৃত্বে কলেজ মাঠ ও আশপাশের বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. মুরাদ হাসান রেজওয়ানসহ উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ মাঠের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা ও পানি অপসারণের পাশাপাশি ডেঙ্গুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। কলেজের পরিবেশ পরিচ্ছন্ন ও শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত রাখার বিষয়ে কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে বাড়ির আশপাশ, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, ড্রেন, নালা, পরিত্যক্ত পাত্র, টব কিংবা যেসব স্থানে পানি জমে থাকতে পারে—সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।
তারা আরও বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন ঘটতে পারে। তাই ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
ছাত্রদল নেতৃবৃন্দ জানান, জনকল্যাণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরিতে তারা কাজ করে যেতে চান।
সচেতনতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।