মাদকবিরোধী অভিযানে সোনাহাটে এক নারী আটক, উদ্ধার ১০৩ পিস ইয়াবা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে কুখ্যাত মাদক কারবারি মর্জিনা আক্তার ওরফে ‘গেন্দি’ (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দুপুর আনুমানিক ৩টা দিকে পরিচালিত একটি অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মর্জিনা আক্তার ওরফে গেন্দির পিতা আতোয়ার হোসেন। তার বাড়ি উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুরকুঠি এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, সোনাহাট স্থলবন্দরে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পণ্য পরিবহনের কাজে আগত ট্রাকচালক, হেলপার ও পরিবহন শ্রমিকদের কাছে নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন তিনি। স্থানীয়দের অভিযোগ, পোল্ট্রি মুরগির দোকানকে আড়াল হিসেবে ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে গোপনে মাদক কেনাবেচা পরিচালনা করতেন।

একাধিকবার তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও প্রতিবারই তিনি কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যান। পরবর্তীতে স্থানীয় সচেতন জনগণের দেওয়া তথ্য ও সহযোগিতার ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবাসহ আলামতের আনুমানিক মোট মূল্য প্রায় ৫৬ হাজার ২৯০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযান শেষে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ভূরুঙ্গামারী থানা হাজতে রাখা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মর্জিনা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা বলেন, মুনতাসির মামুন মুন বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ যেমন কঠোর অবস্থানে রয়েছে, তেমনি স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

Share With