কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে সনদ ও পুরস্কার প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে জাতীয় শিক্ষা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানানো হয় এবং শিক্ষার মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।