কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড গোলচত্বরে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপি নেতা শাহ জালাল দর্জি ও যুবদল নেতা লাভলু রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থক আমিনুর রহমান ও নুর ইসলামসহ কয়েকজন মিলে লুৎফর রহমান নামের এক অসহায় ব্যক্তির বসতভিটা ও ঘরবাড়ি অবৈধভাবে দখল করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, গত ৪ আগস্ট রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়। পরে লুৎফর রহমান জেলা প্রশাসকের কাছে অভিযোগ করলে সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করে জমির মালিকানা তাঁর পরিবারের পক্ষে নিশ্চিত করেন। এমনকি উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস কাগজপত্র যাচাই ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সরেজমিন পরিদর্শনের পর একই সিদ্ধান্ত দেন।
তবে অভিযোগ রয়েছে, সেই সিদ্ধান্ত কার্যকর না করে অভিযুক্তরা উল্টো ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখান এবং মামলা করার হুমকি দেন। সর্বশেষ সরকার পরিবর্তনের পর বিএনপি নেতা শাহ জালাল দর্জি, তাঁর ভাতিজা যুবদল নেতা লাভলু রহমান ও আওয়ামী লীগের সহযোগীরা মিলে লুৎফর রহমানের পরিবারকে বাড়ি থেকে বের করে দেন। বর্তমানে জমিটি তাঁদের দখলে রয়েছে বলে দাবি করেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেন।
অভিযুক্ত শাহ জালাল দর্জি, লাভলু রহমান, আমিনুর রহমান ও নুর ইসলামের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।