আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই সনদ বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ পাঁচ দফা দাবি আদায়ে রংপুর বিভাগীয় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল।
আগামী ৩ ডিসেম্বর বুধবার বেলা ২টায় রংপুর কালেক্টরেট ময়দানে অনুষ্ঠিত হবে এ মহাসমাবেশ।
এতে ৮ দলের কেন্দ্রীয় ও শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।বুধবার (২৬ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা জামায়াত কার্যালয়ে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকারের সভাপতিত্বে জেলা পর্যায়ের ৮ দলের যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সর্বসম্মতিক্রমে ৮ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করা হয় এবং সমাবেশ সফল করতে আগামী ১ ডিসেম্বর জেলা-উপজেলায় গণমিছিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনকে সমন্বয়ক করে এবং অন্যান্য দলের সেক্রেটারিদের সদস্য করে এ লিয়াজোঁ কমিটি গঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন—জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি শাহজাহান মিয়া, খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মুফতি নূরুদ্দীন কাসেমী, জেলা সভাপতি মাওলানা আবু সাঈদ, সহকারী সেক্রেটারি মু. শাহজালাল সবুজ, মাওলানা আব্দুল হামিদ মিয়া, আলতাফ হোসেন, জহুরুল ইসলাম, আব্দুস সবুর খান, সদর আমীর শামছুল হুদা মিঠু, অধ্যক্ষ মাওলানা নুর বকত মিয়া, মাওলানা আব্দুস সালাম, জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. মোজাম্মেল হক, মো. নূরুজ্জামান, মো. সহিদুল ইসলাম, নূর মোহাম্মদ প্রমুখ।
যৌথসভায় নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে ৮ দল যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকার জুলাই সনদের আংশিক আইনি ভিত্তি প্রদান করলেও জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত গ্রহণে তাদের দাবি পূরণ হয়নি। এখনও জুলাই হত্যাকাণ্ডের অন্যান্য অপরাধীর বিচার, জাতীয় পার্টিসহ স্বৈরাচারি সরকারের সহযোগী দলগুলোকে নিষিদ্ধ করা এবং নির্বাচনে সমান সুযোগ সৃষ্টির দাবি অপূর্ণ রয়েছে।
নেতারা পাঁচ দফা দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যুগপৎ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।