আবেগঘন বার্তা দিয়ে রৌমারীকে বিদায় জানালেন ইউএনও আলাউদ্দিন

বদলিজনিত কারণে রৌমারী উপজেলা থেকে বিদায় নেওয়ার আগে উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা প্রশাসন রৌমারী কুড়িগ্রাম ফেসবুক আইডিতে এক আবেগঘন বার্তা দেন। বিদায়ী বার্তায় তিনি রৌমারীবাসীর সহযোগিতা, ভালোবাসা ও সমর্থনের কথা স্মরণ করেন।

বিদায়ী বার্তায় ইউএনও আলাউদ্দিন বলেন, “আমি আলাউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, রৌমারী। বদলিজনিত কারণে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গত আট মাস রৌমারী উপজেলায় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। এই সময়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাসাধ্য পালন করার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “শত চেষ্টা সত্ত্বেও যদি আমার কোনো অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে মহানুভবতার সঙ্গে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

দায়িত্ব পালনকালে রৌমারী উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আপনাদের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও সমর্থন আমি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব।”

পরবর্তী কর্মজীবনের জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়ে ইউএনও আলাউদ্দিন বলেন, “রৌমারীর মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও স্মৃতিগুলো সবসময় আমার হৃদয়ে অম্লান হয়ে থাকবে।”

উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আলাউদ্দিন গত আট মাস রৌমারীতে দায়িত্ব পালন করেছেন। বদলিজনিত কারণে তিনি শিগগিরই নতুন কর্মস্থলে যোগদান করবেন।

Share With