রৌমারীতে মাদক কারবারের অভিযোগ, তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার রতনপুর গ্রামে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এ এলাকাকে ব্যবহার করে মাদক পাচার করা হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে সমাজ ও তরুণ প্রজন্মের ওপর।

স্থানীয় সূত্রে জানা গেছে, রৌমারী-রাজীবপুর সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই মাদক পাচারের একটি ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, ভারতের সীমান্ত ঘেঁষা বিভিন্ন এলাকা দিয়ে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করে এবং পরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে রতনপুর গ্রামের কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তুলে এলাকাবাসী তদন্তের দাবি জানিয়েছেন। তাদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে অতীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে এবং কিছু মামলা বর্তমানে বিচারাধীন।

স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসার কারণে এলাকায় সামাজিক অস্থিরতা বাড়ছে এবং যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তারা বলেন, মাদকের বিস্তারের ফলে খুন, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Share With