আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রাম শহরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে গ্রিন ইকো ফাউন্ডেশনের আয়োজনে শাপলা চত্ত্বরে এ কর্মসূচি থেকে শব্দ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ থাকলেও এর যথাযথ প্রয়োগ দেখা যাচ্ছে না। হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান এলাকার মতো সংবেদনশীল স্থানেও শব্দ দূষণ অব্যাহত রয়েছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
গ্রিন ইকো ফাউন্ডেশনের গ্রিন লিডার আজিজুল হক বলেন, আইনের বাস্তবায়ন না থাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি হচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হতে হবে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের কর্মী ওমর ফারুক। তিনি বলেন, শব্দ দূষণ একটি ‘নীরব ঘাতক’। এ সমস্যা মোকাবিলায় সরকারের নজরদারি বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলা জরুরি।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরী বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইনের প্রয়োগ এবং জনসচেতনতা দুই দিকেই সমান গুরুত্ব দিতে হবে। পরিবেশ সুরক্ষায় সরকারকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় সংগঠনের অপূর্ব, রাকিবুল, লিমন, সিনহা, শাহীন, সাদ্দাম, সিয়াম, হামীম, হৃদয়, মুরাদ, হযরত ও স্বজনসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।