শিশু বিবাহ প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতা সভা অনুষ্ঠিত

শিশু বিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে কুড়িগ্রামে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ) বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট (আফাদ) এর উদ্যোগে সংস্থাটির নিজস্ব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কার্তিক চন্দ্র সেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রাণী। এছাড়াও বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, বেলগাছা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম এবং সোচ্চার প্রকল্পের ফোকাল রেশমা সুলতানা।

বক্তারা শিশু বিবাহের ক্ষতিকর প্রভাব, এর সামাজিক, স্বাস্থ্যগত ও শিক্ষাগত নেতিবাচক দিক তুলে ধরেন। তারা বলেন, শিশু বিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা। এটি প্রতিরোধে পরিবার, সমাজ, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, কিশোর-কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, অভিভাবকদের সচেতন করা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক নজরদারি জোরদার করা গেলে শিশু বিবাহ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।এ সময় অংশগ্রহণকারীরা শিশু বিবাহ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং সম্মিলিতভাবে শিশু বিবাহ বন্ধে শপথ গ্রহণ করেন।

সচেতনতা সভায় ইমাম, পুরোহিত, কাজি, ঘটক, ইউনিয়নের নারী-পুরুষ জনপ্রতিনিধি, কিশোরী, যুবক, অভিভাবক, শিক্ষকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সভাটি সোচ্চার প্রকল্পের আওতায় শিফট ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজন করা হয়। এতে সেভ দ্য চিলড্রেন এবং নেদারল্যান্ডসের দূতাবাস (এম্ব্যাসি অব দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডস) আর্থিক সহযোগিতা প্রদান করে।

Share With