সাইকেল হারানো পরীক্ষার্থীর পাশে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজ প্রশাসন

সাইকেল হারিয়ে যাতায়াত সংকটে পড়া এক অসহায় পরীক্ষার্থীর পাশে দাঁড়ালেন এক অবসরপ্রাপ্ত মহিলা শিক্ষা কর্মকর্তা ও কুড়িগ্রাম সরকারি কলেজ প্রশাসন। পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইকেল হারানোর ঘটনায় একটি পোস্ট দেওয়া হয়েছিল, তবে তা এখনো উদ্ধার করা যায়নি।

পরীক্ষার্থীর চলাফেরার সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে বিসিএস শিক্ষা ক্যাডারের এক নাম প্রকাশে অনিচ্ছুক অবসরপ্রাপ্ত মহিলা কর্মকর্তা সহানুভূতি দেখিয়ে আর্থিক সহায়তা পাঠান। তার পাঠানো টাকার সঙ্গে কলেজ প্রশাসন বাকি অংশ যুক্ত করে একটি নতুন সাইকেল কেনার জন্য প্রয়োজনীয় পূর্ণ অর্থ পরীক্ষার্থীর হাতে তুলে দেয়।

আজ রবিবার (০৩ আগস্ট) কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মীর্জা নাসির উদ্দীন তাঁর নিজ কক্ষে এই সহায়তা প্রদান করেন। এ সময় কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

মানবিক এ উদ্যোগের ফলে পরীক্ষার্থী তার একাডেমিক ও পরীক্ষার কাজে আগের মতো স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যক্ষ।

Share With