নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।
শুক্রবার (১৬ অক্টোবর) কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন স্বাক্ষরিত এক শোকবার্তায় এ নিন্দা জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, সাংবাদিক হত্যা শুধু একজন সংবাদকর্মীর প্রাণহানি নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। এর আগে আলিফ ফকিরের ওপর হামলার ঘটনা ঘটলেও তাঁর নিরাপত্তা নিশ্চিত না হওয়া গভীর উদ্বেগের বিষয়।
এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শোকবার্তায় আরও বলা হয়, সাংবাদিক হত্যা করে সত্যের কণ্ঠরোধ করা যাবে না। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।
এ সময় নিহত সাংবাদিকের শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানায় কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন।