সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তোলপাড়: ‘হ্যাঁ’–‘না’ পোস্ট

৩০ অক্টোবর রাত ঠিক ১২টার পর থেকেই বাংলাদেশের ফেসবুক টাইমলাইনজুড়ে ভেসে উঠছে শুধুই ‘হ্যাঁ’ ও ‘না’ লেখা ছবি। বেশিরভাগ পোস্টেই কেন এই ছবি প্রকাশ করা হচ্ছে, তা উল্লেখ না থাকায় অনেকেই বিষয়টি দেখে অবাক হচ্ছেন। তবে অনুসন্ধানে জানা গেছে, এর পেছনে মূল ইস্যুটি হলো গণভোট।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জুলাই ঐক্যমত কমিশন সরকারকে যে সুপারিশ দিয়েছে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর সেই অবস্থান থেকেই শুরু হয়েছে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের এই ট্রেন্ড।

গণভোটের পক্ষে একদিকে অবস্থান নিয়েছে বিএনপি, অন্যদিকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হোক।

তবে জামায়াতে ইসলামী চায় নভেম্বর মাসে গণভোট আয়োজন, আর এনসিপি সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে—যদিও তারা নির্দিষ্ট সময় উল্লেখ করেনি।

ফলে এনসিপি ও জামায়াতের দাবি কিছুটা কাছাকাছি হলেও বিএনপি সে বিষয়ে কোনো সমর্থন দেয়নি। এই অবস্থান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে, তারা ‘হ্যাঁ’ লেখা ছবি পোস্ট করছেন। অন্যদিকে, যারা বিএনপির প্রস্তাব অনুযায়ী নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের পক্ষে, তারা ‘না’ লেখা ছবি পোস্ট করে নিজেদের অবস্থান জানাচ্ছেন।

Share With