কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা তাঁর স্ত্রীর পরিচয় ব্যবহার করে ফোনে টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইউএনও নিজে।
বুধবার (৬ আগস্ট ২০২৫) রাতে তাঁর অফিসিয়াল ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে ইউএনও লেখেন, “সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, ইউএনও অথবা ইউএনও’র সহধর্মিণীর পরিচয় দিয়ে বিভিন্ন নম্বর থেকে কল করে অর্থ চাওয়া হচ্ছে। এটি সম্পূর্ণ প্রতারণা। ইউএনও বা তাঁর স্ত্রী কখনোই কারো কাছে টাকা চাইবেন না।”
তিনি আরও বলেন, “কেউ যদি ইউএনও পরিচয়ে অর্থ দাবি করে, তাহলে কোনো অবস্থাতেই কাউকে টাকা দেবেন না। এমন ফোন পেলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন অথবা থানায় জানানোর অনুরোধ করছি।”
ইউএনওর এই পোস্টটি ইতোমধ্যে ভুরুঙ্গামারী উপজেলায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষ মন্তব্যে প্রতারক চক্রের দ্রুত শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এ ধরনের প্রতারণা প্রতিরোধে প্রশাসন সচেষ্ট রয়েছে এবং ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে।
এদিকে প্রতারণার এমন ঘটনা নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন হলেও প্রশাসনের স্বতঃপ্রণোদিত সচেতনতা কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে।
প্রশাসনের নাম বা পদ-পদবি ব্যবহার করে কেউ ব্যক্তিগতভাবে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে থানায় অবহিত করুন এবং প্রতারকচক্র সম্পর্কে সতর্ক থাকুন।