উলিপুরে অবৈধ কারেন্ট জাল বিক্রিতে ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত জাল অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শামীমা আক্তারের নেতৃত্বে দুর্গাপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় উপজেলার দুর্গাপুর এলাকার ব্যবসায়ী মমিনুর রহমান (৩৮) কে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় আটক করা হয়। পরে উপজেলা চত্বরে নিয়ে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মমিনুর রহমানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করে। অভিযানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শামীমা আক্তার বলেন, “মাছের প্রজনন ও জলজ সম্পদ রক্ষায় অবৈধ জাল বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Share With