ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে শহরের গাড়িয়ালপাড়া ছাত্রশিবিরের জেলা কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, “শিক্ষা বলতে বোঝায় আল্লাহ প্রদত্ত কুরআন, রাসুল এর সুন্নাহ ও ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন এবং তা জীবনে প্রয়োগ করা। ইসলাম শিক্ষা শুধু ইবাদতের বিষয় নয়, বরং নৈতিকতা, সামাজিক সম্পর্ক, অর্থনীতি ও রাজনীতি—সব ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনার মূল ভিত্তি।” তিনি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক উন্নয়নের জন্য ইসলামী শিক্ষা অর্জন ও চর্চাকে প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন।
বক্তারা শহীদ আব্দুল মালেকের স্মৃতিচারণ করে বলেন, ইসলামী শিক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বক্তব্য দেওয়ার পর সোহরাওয়ার্দী উদ্যানে বাম সংগঠনগুলোর হাতে তিনি নিহত হন।
অনুষ্ঠানে জেলা শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ পরীক্ষার্থী শিক্ষার্থীরা অংশ নেন। শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।