কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন অটো রিকশা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জরিনা বেগম (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম ওই গ্রামের সফর উদ্দিনের স্ত্রী।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত জরিনা বেগমের প্রতিবেশী আরিফুল ইসলাম শুক্রবার রাতে একটি নতুন অটো রিকশা কিনে আনেন। রাতেই তিনি রিকশাটি বৈদ্যুতিক সংযোগে চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে প্রতিবেশীর নতুন রিকশাটি দেখতে গিয়ে জরিনা বেগম হাত দিতেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হবে।