স্বৈরশাসক হাসিনা মনগড়া আইন বানিয়ে জুলুম চালিয়েছে—কুড়িগ্রামে শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “বুলেটের সামনে দাঁড়িয়ে রংপুরের সন্তান আবু সাঈদ জুলুমতন্ত্রের অবসান ঘটিয়েছে। স্বৈরশাসক হাসিনা মনগড়া আইন বানিয়ে দেশের মানুষের উপর জুলুম চালিয়েছে। আমরা এমন প্রধানমন্ত্রী চাই না। জনগণের নেতা হতে হবে তিনি, যিনি জনগণকে ভালোবাসবেন। আমরা হযরত উমর (রা.)-এর আদর্শে একজন প্রধানমন্ত্রী চাই।”

শনিবার (১৬ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ৪ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিবির সভাপতি।

তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনার আমলে গত ১৬ বছরে যে পরিমাণ লুটপাট ও অর্থপাচার হয়েছে, তা দিয়ে চারবার জাতীয় বাজেট করা যেত। সংসদে মানুষের ভাগ্য পরিবর্তনের আলোচনা না করে, আওয়ামী লীগ এমপিরা বরং মমতাজকে দিয়ে গান-বাজনার আসর বসিয়েছে।”

অভিযোগ তুলে তিনি আরও বলেন, “দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। জনগণকে বিভক্ত করে জাতীয় ঐক্যকে দুর্বল করেছে। ক্ষমতায় টিকে থাকতে গুম, খুন ও নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে মুক্তিকামী সাধারণ মানুষের উপর।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সঞ্চালনা করেন জহিরুল ইসলাম টুটুল।

এ সময় আরও বক্তব্য রাখেন—জেলা জামায়াতের আমীর আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান, জামায়াতে ইসলামীর উলিপুর উপজেলা আমীর মাওলানা মশিউর রহমান, পৌর আমীর কামাল কবির লিটন, জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল, প্রভাষক খাইরুল ইসলাম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুল ইসলাম প্রমুখ।

Share With