মওলানা ভাসানী সেতুর উদ্বোধনে কুড়িগ্রামের উন্নয়ন দাবিতে ‘ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম’

গাইবান্ধার সুন্দরগঞ্জের পাঁচপীর বাজার ও কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদরের মধ্যে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত ‘মওলানা ভাসানী সেতু’ বুধবার (২০ আগস্ট ২০২৫) দুপুরে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

এটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।সেতুর উদ্বোধনের মাধ্যমে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

স্থানীয়দের প্রত্যাশা, এ সেতু চালুর ফলে কুড়িগ্রাম–গাইবান্ধা অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উন্নয়নের গতি বাড়বে।অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনায় আসে নাগরিক সংগঠন ‘ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম’।

সংগঠনের চেয়ারম্যান ড. আতিক মুজাহিদ প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সম্মাননা প্রদান করেন এবং কুড়িগ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কয়েকটি দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে— একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম, দুটি মিনি স্টেডিয়াম, চরাঞ্চলে নতুন বিদ্যালয় স্থাপন এবং বাংটু ঘাটে একটি সেতু নির্মাণ।

ড. আতিক মুজাহিদের এ দাবিগুলো অতিথি ও স্থানীয় জনসাধারণ গুরুত্ব সহকারে গ্রহণ করেন। তাঁদের মতে, ‘ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম’-এর মতো উদ্যোগ দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।

Share With