কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার বন্যা কবলিত মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর বন্যারোধী গৃহ নির্মাণ উদ্যোগ। ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত এ উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে বিশেষ করে কোদালকাঠি ও মোহনগঞ্জ ইউনিয়নের হাজারো মানুষ প্রায় প্রতিবছরই আকস্মিক বন্যায় ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন যাপন করে।
প্রতিবছর অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এতে একদিকে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়, অন্যদিকে ঘরবাড়ি পানিতে তলিয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই দুর্গত মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে।
এ অবস্থায় সিজেডএম প্রকল্পভুক্ত সদস্যদের জন্য বন্যারোধী গৃহ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাইলট প্রকল্প হিসেবে ইতোমধ্যে কোদালকাঠি ও মোহনগঞ্জ ইউনিয়নে দুটি বন্যারোধী ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে মোট ৬১টি পরিবারকে এ ধরনের ঘর প্রদান করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন ঘর পেয়ে স্থানীয় স্বপ্না ও খাদিজা বেগম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এবার আর বন্যার পানিতে ঘরভাঙা কিংবা গৃহহীন হওয়ার ভয় নেই। আমরা অনেক স্বস্তিতে আছি।” তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সিজেডএমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
স্থানীয়ভাবে এই প্রকল্প ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বন্যাপ্রবণ এলাকাগুলোতে এ ধরনের ঘর নির্মাণ সম্প্রসারিত হলে দুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।