মওলানা ভাসানী সেতু দিয়ে কুড়িগ্রাম-গাইবান্ধা রুটে বাস চলাচল শুরু

মওলানা ভাসানী সেতু উদ্বোধনের পর আজ (২১ আগস্ট) থেকেই কুড়িগ্রাম-গাইবান্ধা রুটে সরাসরি মেইল ও লোকাল বাস চলাচল শুরু হয়েছে। কুড়িগ্রাম বাস টার্মিনাল থেকে সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম বাস ছেড়ে যায়। এরপর থেকে প্রতি ৩০ মিনিট অন্তর গাইবান্ধার উদ্দেশ্যে বাস ছেড়ে যাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।

আজ সকালে এস.এন পরিবহন নামে একটি বাস কুড়িগ্রাম থেকে গাইবান্ধার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে বাসগুলো উলিপুর-চিলমারী-হরিপুর হয়ে গাইবান্ধায় পৌঁছাবে। তবে দূরপাল্লার বাস আপাতত চলছে না সেতুটি দিয়ে।

এর আগে কুড়িগ্রাম মোটর বাস মালিক সমিতি ঘোষণা দিয়েছিল যে আগামী ২৫ আগস্ট থেকে নিয়মিত বাস চলাচল শুরু হবে। তবে যাত্রীসুবিধার কথা বিবেচনা করে আজ থেকেই পরিবহন চলাচল শুরু করা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, নতুন নির্মিত মওলানা ভাসানী সেতুটি টোল ফ্রি হওয়ায় যাত্রীদের ভাড়া বাড়তি হওয়ার কোনো আশঙ্কা নেই। এই রুট চালুর ফলে কুড়িগ্রাম-গাইবান্ধা জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

Share With