কুড়িগ্রামে ইসলামিক মিশন হাসপাতাল স্থাপনের আবেদন

বাংলাদেশের অন্যতম প্রান্তিক জেলা কুড়িগ্রামে দরিদ্র ও দুস্থ মানুষের চিকিৎসা সেবার জন্য একটি ইসলামিক মিশন হাসপাতাল স্থাপনের দাবি জানানো হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের নিকট লিখিত এক আবেদনে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও ক্যাম্পেইন ফর কুড়িগ্রামের চেয়ারম্যান ড. আতিক মুজাহিদ এ দাবি জানান।

আবেদনে তিনি উল্লেখ করেন, কুড়িগ্রাম জেলার অধিকাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে। জেলার প্রায় ৫০০-এর অধিক চরাঞ্চল ও প্রত্যন্ত গ্রামে প্রাথমিক স্বাস্থ্যসেবারও চরম অভাব রয়েছে। সাধারণ মানুষকে সামান্য চিকিৎসার জন্যও জেলা সদর কিংবা রাজধানীতে ছুটতে হয়, যা অর্থনৈতিক, শারীরিক এবং সামাজিকভাবে বড় ধরনের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আতিক মুজাহিদ বলেন, “যদি কুড়িগ্রামে একটি ইসলামিক মিশন হাসপাতাল প্রতিষ্ঠা করা যায়, তবে দরিদ্র জনগোষ্ঠী সহজলভ্য, সুলভ ও মানবিক স্বাস্থ্যসেবা পাবে। পাশাপাশি ইসলামিক মূল্যবোধের আলোকে চিকিৎসা প্রদান সমাজে নৈতিকতা ও মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।”

এসময় তিনি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের প্রতি কুড়িগ্রামের অসহায় মানুষের কল্যাণে পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Share With