মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে সেতু পার হচ্ছিলেন দুই যুবক। এ সময় সেতুর ওপর হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলের সামনের অংশ ও অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কর্তব্যরত অবস্থায় দুজনকেই মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এর আগে, গত শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় সেতুর সংযোগ সড়কে কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় খোদেজা বেগম (৮০) নামের এক বৃদ্ধা নিহত হন।

Share With